জনগণের প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত October 7, 2025
জনগণের প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের প্রত্যাশা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দেশের অর্থনৈতিক বিকাশ ও সামাজিক স্থিতিশীলতার মূলভিত্তি হলো গণতন্ত্রের চর্চা, যা কেবল রাজনৈতিক দল নয়-প্রত্যেক নাগরিকের মধ্য থেকেও বিকশিত হতে হবে।
তিনি আরও বলেছেন, বিএনপির রাজনীতি মানে জনগণের জীবনমানের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।
‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে সকল নেতাকর্মী ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।
মঙ্গলবার (৭ অক্টোবর/২২ আশ্বির) বিকাল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মখনদোকান ও হাজরাই বাজারে পৃথক সভায় বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ফ্যাসিবাদী অপসংস্কৃতি দূর করে রাজনৈতিক সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে হবে। মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম; কিন্তু জনগণের প্রতি দায়িত্বের প্রশ্নে ঐক্যই আমাদের আসল শক্তি। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন অপরিহার্য। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই জনগণের মুক্তির সংগ্রাম।”
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন ডা এনামুল হক, বশির আহমদ, বাচ্চু মিয়া, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আবুল হাসনাত, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, মইনুল ইসলাম মঞ্জুর ও নূরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।–সংবাদ বিজ্ঞপ্তি