দেওকলস স্কুল এন্ড কলেজের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত October 4, 2025
দেওকলস স্কুল এন্ড কলেজের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি ফখরুল আহমদ মতছিনের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষমতার অপব্যবহার, প্রতারণা এবং প্রতিষ্ঠানের সম্পদ ও অর্থ আত্মসাতসহ বেআইনি কর্মকাণেড্র অভিযোগ করেছেন।
শনিবার (৪ অক্টোবর/১৯ আশ্বিন) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এম এন ইসলাম খান। তিনি জানান, ৩টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হয়েও ফখরুল আহমদ মতছিন অবৈধভাবে সভাপতির পদ আঁকড়ে ধরে গত ২০১৩ সাল হতে ২০২০ সাল পর্যন্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৯ লাখ ৫০ হাজার টাকা ও সিলেট জেলা পরিষদের ২ লাখ টাকা সহ বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন, যা শিক্ষা মন্ত্রণালয় ও সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক তদন্তে প্রমাণিত হয়েছে। অথচ গত ২৫ আগস্ট দুর্নীতি দমন কমিশন-দুদক, সিলেট তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দিয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, ফখরুল আহমদ মতছিন রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তিকে কাজে লাগিয়ে দুদকের প্রতিবেদন তার পক্ষে নিয়ে গেছেন। এর ফলে সমাজে ভুল বার্তা যাচ্ছে। দুদকের এ দায়মুক্তির প্রতিবেদন এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজটি সিলেট জেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান; কিন্তু ফখরুল আহমদ মতছিনের এসব অপকর্ম নিকৃষ্ট নজির সৃষ্টি হয়েছে। দুদকের প্রতিবেদন সরকারি দপ্তরগুলোতে এখনও পতিত স্বৈরাচারের দোসদের প্রভাব-প্রতিপত্তি প্রমাণ করেছে।
এলাকাবাসী এই দায়মুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং
ফখরুল আহমদ মতছিনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো পুনঃতদন্ত করার জন্য দুদক চেয়ারম্যানের প্রতি আহবান জানান।