সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণ চায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন-যেখানে তারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।
শুক্রবার (৩ অক্টোবর/১৮ আশ্বিন) সন্ধ্যা ৭টায় বালাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অন্তর্ভুক্ত ছয় ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা জানি এ সংগ্রাম সহজ নয়; কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন প্রতিকূলতার সামনে সাহসী হতে। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের দায়িত্ব তাকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো। দলের সিদ্ধান্তের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে লড়াই করছি, তা ক্ষমতার জন্য নয়-এটি জনগণের মুক্তির লড়াই। এ সংগ্রাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম। ইনশাআল্লাহ, আগামী জাতীয় নির্বাচনে জনগণের বিজয় হবেই, গণতন্ত্র ফিরবেই, বাংলাদেশ তার সঠিক পথে ফিরে যাবে।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে জীবন বাজি রেখে বিএনপি কাজ করে যাবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে যেসব অন্তরায় রয়েছে, সেগুলো দূর করতে হবে। ভালো রাজনীতির মাধ্যমে অপরাজনীতির অবসান ঘটাতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে প্রকৃত অর্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রক্ষাকবচ প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য আজ সময়ের দাবি। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।”
সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন ও সহ প্রচার সম্পাদক শাহীন আলম জয়। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।–সংবাদ বিজ্ঞপ্তি