জকিগঞ্জে প্রতিমা বিসর্জন || কুশিয়ারার দুই পারে মিলনমেলা

প্রকাশিত October 2, 2025
জকিগঞ্জে প্রতিমা বিসর্জন || কুশিয়ারার দুই পারে মিলনমেলা

জকিগঞ্জ প্রতিনিধি : গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সিলেটের জকিগঞ্জ কাস্টমঘাটে প্রতিমা বিসর্জনে মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টেবার/১৭ আশ্বিন) বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে এসে সীমান্ত নদী কুশিয়ারায় বিসর্জন করা হয়।
এসময় কুশিয়ারার দুই তীর ভক্তদের মিলন মেলায় পরিণত হয়। আনন্দে মেতে উঠে ধর্ম-বর্ণ নির্মিশেষে হাজার হাজার মানুষ। ভক্তরা ঢাক, ডোল, কাসর ও শঙ্খ ধ্বনিতে মুখর করে তুলেন পুরো কাস্টমঘাট এলাকা। এভাবে দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির জকিগঞ্জে দুর্গোৎসব উদযাপিত হয়ে আসছে।
কাস্টমঘাটে জকিগঞ্জ পৌরসভা নির্মিত প্রতিমা নিরঞ্জন মঞ্চে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ। সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, ওসি আদনান, জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পূজা উদযাপন কমিটি নেতা হীরালাল বিশ্বাস, বাবুল চন্দ্র নাথ, নিহার রঞ্জন রায়, দুলন রায়, মুক্তলাল বিশ্বাস ও বিজিত রায়।
উপজেলায় এবার ৮৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। বিসর্জন ঘাটে পুলিশের পাশাপাশি, বিজিবি, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল সার্বক্ষণিক নিয়োজিত ছিল।