বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো মুশফেকুর রহমান সুনামগঞ্জ শহরের ষোলঘরে রামকৃষ্ণ মিশন ও দুর্গাবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর/১৫ আশ্বিন) দুপুরে পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শ্রভচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তার বিষয়ে দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সভাপতি, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, স্বামী হৃদয়ানন্দ মহারাজ, শিক্ষাবিদ যোগেশ্বর দাস ও দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সুবিমল চক্রবর্তী চন্দন এবং সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম, ওসি (তদন্ত) আরিফ উল্লাহ, টিআই (প্রশাসন ও অপারেশন) মোহাম্মদ হানিফ মিয়া ও ডিবি (ওসি) আহমদ উল্লাহ ভূঁইয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
ডিআইজি মো মুশফেকুর রহমান বলেন, সম্প্রীতির নিদর্শন হচ্ছে হাওরের জেলা সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘদিনের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
তিনি জানান, শারদীয় দুর্গোৎসব যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য পুলিশের সদস্যরা সার্বক্ষণিক ভাবে নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন।
প্রতিমা বিসর্জনের শেষ পর্যন্ত যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করে যাবে বলে ডিআইজি নিশ্চিত করেন।