জুড়ী থেকে সংবাদদাতা : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক (৫২ বিজিবি) লে কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী মৌলভীবাজারের জুড়ীতে শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, আনসার ও সাধারণ ভক্তদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোতে রয়েছে বিশেষ নজরদারি। বিওপির নিয়মিত কাজকর্মের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত বিজিবি সদস্য পূজা উপলক্ষে মোতায়েন করা হয়েছে।
সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সমরজিৎ সিংহ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহসভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও জুড়ী থানার এসআই মো আল আমিন সহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।