জুড়ীতে যুবলীগ নেতা মাছুমের রিমান্ড মঞ্জুর || জালাল পলাতক

প্রকাশিত September 29, 2025
জুড়ীতে যুবলীগ নেতা মাছুমের রিমান্ড মঞ্জুর || জালাল পলাতক

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতা মাছুম আহমদের রিমান্ড মঞ্জুর হয়েছে। তবে অপর আসামি জালালুর রহমান এখনও পলাতক রয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর চাঁদার টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার হন মাছুম আহমদ। সোমবার (২৯ সেপ্টেম্বর/১৪ আশ্বিন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনে মৌলভীবাজারের ৬ নম্বর আমল গ্রহণকারী আদালত চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা প্রধান আসামি মাছুম আহমদের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার এসআই ইউ এম ইমন।
তিনি আরও জানান, মামলার ২ নম্বর আসামি জালালুর রহমানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাঁদাবাজির ঘটনায় জুড়ী শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাছিত বাদি হয়ে এ দুইজনকে আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করেন।
এছাড়া মাছুম আহমদ ও জালালুর রহমানের বিরুদ্ধে জুড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।