দুর্গাপূজায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন নিয়ে মতবিনিময়

প্রকাশিত September 29, 2025
দুর্গাপূজায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন নিয়ে মতবিনিময়

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপি সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজায় দেশের সকল পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ও ডিজিটালাইজেশান বিষয়ক মিডিয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সকল উপ-মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি জানান, সারা দেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ লক্ষাধিক প্রশিক্ষিত সদস্য মোতায়েন করা হয়েছে। এ বছর প্রশিক্ষিত তরুণ সদস্যদের পূজামণ্ডপে দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে তারা উদ্যম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে।
মহাপরিচালক জানান, এবছর প্রথমবারের মতো ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ করতে পারবেন।
বাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন, এই ডিজিটাল উদ্ভাবন কেবল দুর্গোৎসবে নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ব্যবহার করা হবে। ফলে সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।–সংবাদ বিজ্ঞপ্তি