সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মাদরাসা শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানের আলো বহনকারী। ইসলামী শিক্ষা মানুষের অন্তরে নৈতিকতা ও চরিত্র গঠনের পথ প্রশস্ত করে। ধর্মীয় জ্ঞানকে জীবনে প্রয়োগ করাই তাদের মূল লক্ষ্য। মাদরাসায় শিক্ষিত নারীরা আদর্শ মা হয়ে আগামী প্রজন্ম গঠনে ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর/১৩ আশ্বিন) বিকেল ৩টায় দক্ষিণ সুরমার ইলাইগঞ্জ হিফজুল কোরআন মাদরাসায় কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় দক্ষতা অর্জন করা উচিত। কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করাই প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাই আগামী দিনের নেতৃত্বের ভরসা। সত্য, ন্যায় ও নৈতিকতার পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও মানবিক আদর্শ ধারণ করেই সমাজ ও রাষ্ট্রের সেবা করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ইকবাল আহমেদ। সঞ্চালনা করেন ইংরেজি বিষয়ের শিক্ষক মো আব্দুল হামিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক মিম্বর আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, শিক্ষক ছালেহ আহমেদ ও মোহাম্মদ ফিরুজ।–সংবাদ বিজ্ঞপ্তি