ডিসির নির্দেশে জকিগঞ্জে বন্দিদশা থেকে মুক্ত হলো সেই পরিবার

প্রকাশিত September 25, 2025
ডিসির নির্দেশে জকিগঞ্জে বন্দিদশা থেকে মুক্ত হলো সেই পরিবার

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক-ডিসির নির্দেশে জকিগঞ্জ উপজেলায় একটি পরিবারের বন্দিদশা থেকে মুক্তি মিলেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন প্রভাশালী পরিবারের নির্মিত অমানবিক দেয়াল ভেঙে অবরুদ্ধ জেসমিন আক্তারের পরিবারকে মুক্ত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ও জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার উপস্থিতিতে দেয়ালটি ভাঙা হয়
আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ দেয়াল নিয়ে চলাচলের শতবর্ষী পথটি বন্ধ করে দিলে ছয় মাস ধরে স্কুল পড়ুয়া চার সন্তান, বৃদ্ধা শাশুড়ি ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে নিয়ে জেসমিন আক্তার বন্দিদশায় দিনাতিপাত করছিলেন।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরও বন্দিদশার অবসান না হওয়ায় শেষ পর্যন্ত জেসমিন আক্তার সরাসরি জেলা প্রশাসকের শরণাপন্ন হলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
বন্দিদশা থেকে মুক্তির পর জেসমিন আক্তার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
উল্লেখ্য, জেসমিন আক্তারের সপরিবারে বন্দিদশার বিষয়টি জকিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক কে এম মামুন গত জুন মাসে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করলে বিষয়টি সামনে আসে। অসহায় জেসমিন আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগও দায়ের করেন। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর তিনি তার স্বামী মানসিক ভারসাম্যহীন লিটন আহমদকে নিয়ে সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলমের শরণাপন্ন হন।