বাংলাদেশে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।
ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ উদ্যোগে সিলেট বিভাগে ৩০ লক্ষাধিক শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মধ্যে সিলেট জেলায় ৮ লাখ ৪৯ হাজার ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর/১০ আশ্বিন) নগরভবন সভাকক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগীয় কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসক খান মো রেজা-উন-নবী বলেন, ‘যেকোনো ভালো কাজ বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আমরা বিভিন্ন সময়ে প্রমাণ করেছি সবাই মিলে যে কাজটি করতে চাই সেটা সমন্বিতভাবে সফল করতে পারি। অনেক চ্যালেঞ্জ আসে; কিন্তু আমরা সফল হই। সবাই সক্রিয় হলে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনেও আমরা সফল হবো। যেহেতু শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকদের সম্মান করেন সেহেতু এই কাজ বাস্তবায়নে শিক্ষকগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা মো আনিসুর রহমানের পরিচালনায় সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা এবং মৃত্যুহার কমাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান র্পযন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়ডে টিকা দেওয়া হবে। কোনো শিশুকে টিকার আওতার বাইরে রাখা যাবে না।
মতবিনিময় সভায় জানানো হয়, এই টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। ইপিআই ভ্যাক্সিনেশন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীতদের স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, ইউনিসেফ সিলেট অঞ্চলের প্রধান দিল আফরোজা ইসলাম, বিশ্বস্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা খালিদ বিন লুৎফর, বিভিন্ন জেলার সিভিল সার্জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালকসহ সিলেট বিভাগের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি