দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর/৭ আশ্বিন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্র জানায়, গ্রামে গোলাপ মিয়া ও ফিরুজ আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে মসজিদের তহবিলসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল ।
ঘটনার দিন খেয়া নৌকায় পারাপারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের কথা কাটাকাটি জের ধরে সংঘর্ষ বাঁধে। চলে ঘণ্টাব্যাপী। এতে উভয় পক্ষে আহত হন সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬), এরশাদ (৩৩), সরলা বেগম (৪৫), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২), আশিক মিয়া (৩২), ইসলাম মিয়া (৩৫), সাগর মিয়া (২২), তাহেরা বেগম (২০), জবনুর মিয়া (২২), কাসেম (৩৫) ও অন্যরা। এর মধ্যে ২০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্য ১০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ।
পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র টেটা ও ঢাল উদ্ধার করে।