নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালীবাড়ি বাজারে শিশু ধর্ষণের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রচারে বিভ্রান্ত না হতে সিলেট জেলা পুলিশ আহ্বান জানিয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, গত ১২ সেপ্টেম্বর দুপুর অনুমান দেড়টায় কালীবাড়ি বাজারে ‘বাবু টেইলার্স’নামক ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে এক শিশু ধর্ষণের ঘটনায় ১৯ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় মামলা {নং-০৯, তারিখ-১৯/০৯/২০২৫ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)} রুজু করা হয়।
মামলা হওয়ার পর নির্যাতিত শিশুর জবানবন্দি আদালতে লিপিবদ্ধ করানো হয়। অন্যদিকে আসামিকে গ্রেফতার করার লক্ষ্যে বিয়ানীবাজার থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে; কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।
তাই জনসাধারণকে এসব প্রচারে বিভ্রান্ত না হয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।