পটুয়াখালীতে বিএনএনআরসির উদ্যোগে মাল্টিস্টেকহোল্ডার টকস

প্রকাশিত September 21, 2025
পটুয়াখালীতে বিএনএনআরসির উদ্যোগে মাল্টিস্টেকহোল্ডার টকস

পটুয়াখলীতে বিএনএনআরসির উদ্যোগে প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ : বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর/৬ আশ্বিন) টকসটি বিএনএনআরসির ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স-টিএফজিবিভি এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। প্রকল্পটি নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড-সিইএফ কর্মসূচির অংশ। বাস্তবায়নে কারিগরি সহায়তা দেয় জিএফএ কনসাল্টিং গ্রুপ। অর্থায়ন করে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-জিএসি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষাবিদ, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সমিতি, নারী-নেতৃত্বাধীন এনজিও এবং নারী অধিকার সংগঠন সহ বিভিন্ন ক্ষেত্রের ৩৫ জন অংশগ্রহণকারীর পাশাপাশি সনাক, সুজন, দি হাঙ্গার প্রজেক্ট, ওয়েব ফাউন্ডেশন, যুব ও যুব নারী এবং অপরাজেয় বাংলাদেশের প্রতিনিধি এবং যুব নেতৃত্ব, মিডিয়া পেশাদার, ইউটিউবার ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।
এতে আলোচনার প্রাথমিক লক্ষ্য ছিল প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং এর সমাধানগুলোকে উৎসাহিত করা, কৌশলগত নেটওয়ার্কিংকে উৎসাহিত করা এবং নিরাপদ ডিজিটাল ক্ষেত্র তৈরি করার মাধ্যমে একটি স্থিতিশীল ডিজিটাল উন্নয়নের জন্য সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রথমেই শুকতারা নারী সংগঠনের পরিচালক মাহফুজা সুলতানা সবাইকে স্বাগত জানান। স্পিড ট্রাস্টের মিশন প্রধান এ এইচ এম শামসুল ইসলাম অনুষ্ঠানের উদ্দেশ্য এবং প্রত্যাশিত ফলাফলের রূপরেখা তুলে ধরেন এবং পুরো অনুষ্ঠানটি মডারেট করেন।।
প্রজেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ : বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে একটি ধারণাগত স্বচ্ছতা আনয়নের জন্য গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। এ সময় টিএফজিবিভি মোকাবেলার জন্য সংজ্ঞা, ধরন, প্রভাব এবং বিদ্যমান আইনি ও নীতি কাঠামো নিয়ে আলোচনা করা হয়।
লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী ‘পটুয়াখালীর বর্তমান অবস্থা : সুযোগ, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর, ‘টিএফজিবিভি মোকাবেলায় মাল্টিস্টেকহোল্ডারদের প্রত্যাশিত ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় টিএফজিবিভির ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ, ভাগাভাগি করা দায়িত্ব এবং উদ্ভাবনী কৌশলের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রেজোওয়ানা চৌধুরী। তিনি প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সমাজের সকল স্তরের সহযোগিতামূলক ও ব্যাপক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, এই উদ্যোগ নাগরিক সমাজ ও সরকারি প্রতিনিধিদের মধ্যে বর্ধিত সমন্বয় গড়ে তুলবে, যা নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্কিংয়ের পথ প্রশস্ত করবে। এই মাল্পিস্টেকহোল্ডার টকস একটি নিরাপদ এবং আরও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ক্ষেত্র তৈরি করবে, বিশেষ করে বরিশাল বিভাগের যুব, যুব নারী এবং প্রান্তিক গোষ্ঠীর জন্য।–সংবাদ বিজ্ঞপ্তি