বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন জাতীয় সংসদ নির্বাচনে যারা পিআর পদ্ধতি চান তাদেরকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি তাদেরকে উদ্দেশ্য করে আরও বলেছেন, জনগণকে বুঝান-জনগণ যে রায় দিবে সবাই তা মেনে নিবে।
আলোচনা চলা অবস্থায় রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে নামা নিয়ে ডা জাহিদ হোসেন প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশের সংবিধানে কোথাও স্বৈরাচার হওয়ার কথা লিখা নেই। সংবিধানের তো কোনো দোষ নেই-দোষ হচ্ছে যারা রাতের ভোট দিনে করেছেন। যারা বিনা ভোটের নির্বাচন করেছেন। যারা ডামি নির্বাচন করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর/৫ আশ্বিন) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির মৌলভীবাজার পৌর শাখার সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ডা এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন ।
মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপত্বিতে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান রিপনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহব্বায়ক ফয়জুল করিম ময়ুন, ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান।