নির্বাচনে পিআর দাবি হঠকারিতা ছাড়া কিছুই নয় : ফয়সল চৌধুরী

প্রকাশিত September 19, 2025
নির্বাচনে পিআর দাবি হঠকারিতা ছাড়া কিছুই নয় : ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে সচেতন ও শিক্ষিত মানুষের হারই বেশি। এ দুই উপজেলার মানুষ অত্যন্ত রুচিসম্পন্ন। অতীতেও তারা `ধানের শীষ’কে মূল্যায়ন করে এর স্বাক্ষর রেখেছেন।
তিনি আরও বলেছেন, নির্বাচনে পিআর দাবি হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ দেশের মানুষ পিআর পদ্ধতির কিছুই জানে না। এখানে এখনো গণতন্ত্র পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা পায়নি। এখনও গণতন্ত্রের জন্য লড়াই চলছে। এই সময়ে পিআর দাবি বিভ্রান্তিমূলক। মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চায়। একজনকে ভোট দিবে, নেতা হয়ে যাবে আরেকজন-এই পদ্ধতি এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না।
ফয়সল চৌধুরী হুশিয়ার করে দিয়েছেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে ওঠে পড়েছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর/৪ আশ্বিন) বিকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফয়সল আহমদ চৌধুরী লাউতা ইউনিয়নের কালিবাড়ি বাজার, জলঢুপ থানা বাজার, বারইগ্রাম বাজার ও বাহাদুরপুর মাদরাসা বাজারে ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহসভাপতি আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্মসম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা বিএনপি নেতা কাদির আহমদ, সমস উদ্দিন, ফয়েজ আহমদ, হোসেন আহমদ, কাদির আহমদ, জামাল উদ্দিন, আব্দুল গফুর, বিলাল উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিলেট জেলা যুবদলের পশু ও মৎস্য বিষয়ক সম্পাদক খায়রুল আলম বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক এম এ হাসনাত জামিল প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি