একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, গত দেড় যুগেরও বেশি সময় স্বৈরাচার আওয়ামী সরকার বিএনপির উপর দমন-পীড়ন চালিয়েছে; কিন্তু বিএনপি দমে যাওয়া তো দূরের কথা বরং দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
তিনি আরও বলেছেন, যারা এক-দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেখে বিএনপির সমালোচনায় মেতেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগাম ফলাফল বলে দিচ্ছেন, তাদের দিবাস্বপ্ন দেখে লাভ নেই। বিএনপি থমকে যাওয়ার দল নয়। বিএনপি সুসংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই জয়লাভ করে ক্ষমতায় যাবে। বিএনপির এই ১৫ বছরের ত্যাগের মূল্যায়ন করবেন দেশবাসী। বিএনপি ক্ষমতায় গেলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর/৩ আশ্বিন) বিকেলে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম শাহজালাল বাজারে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।
কুড়ারবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, যুগ্মসম্পাদক মিছবাহ উদ্দিন, সহ প্রচার প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রুসতুম উদ্দিন, যুগ্মসম্পাদক নিজাম আলী ভূঁইয়া, প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি