সিলেটের নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গঠনে তাদেরকে মূলধারায় সম্পৃক্ত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সময়ের দাবি।
তিনি আরও বলেছেন, ছাত্রীদের মেধাবী করে গড়ে তুলতে সমাজের সর্বস্তরের সহযোগিতা অপরিহার্য। শুধু অবকাঠামো উন্নয়ন নয়-শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে আব্দুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, একাদশ শ্রেণির অধ্যয়ন জীবন নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে কোন বিষয়ে মনোযোগ দিচ্ছো এবং কতটা মেধা অর্জন করছো, সেটিই ভবিষ্যতের পথনির্দেশক হবে।
তিনি শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো নিজাম উদ্দিন তরফদার। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য সাংবাদিক সিরাজুল ইসলাম, নজমুল ইসলাম, ডা এনামুল হক, রাসেল মাহবুব, আনোয়ারুল ইসলাম ও মিলি বেগম।
এছাড়া রুমানা সুলতানা ও শিরিন বেগমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্য বক্তা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সমাজসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
একই দিনে জালালপুর ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্যসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।–সংবাদ বিজ্ঞপ্তি