বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সিলেট-২ আসন অবহেলিত ছিল। এম ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর ৫ বছরে এই জনপদে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছেন। যার জন্য এখনো মানুষের হৃদয়ে তার নাম রয়েছে। এরপরে অনেকেই এমপি হয়েছেন; কিন্তু তারা ভাঙা রাস্তাগুলোও সংস্কার করতে পারেননি।
তিনি আরও বলেছেন, ‘বিশ্বনাথ ও ওসমানীনগরের রাস্তাঘাট সংস্কারের জন্য আমি কথা বলেছি। কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যে রাস্তাঘাট সংস্কার করা হবে।
লুনা আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।
সোমবার (১৫ সেপ্টেম্বর/৩১ ভাদ্র) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের নয়াবাজার এলাকায় এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।
ইলিয়াসপত্নী আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হচ্ছে। এসব অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক রাসেল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি