সিলেট মহানগর পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী

প্রকাশিত September 14, 2025
সিলেট মহানগর পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, সিলেট মহানগর পুলিশ মহানগরবাসীর ইচ্ছা অনুযায়ী কাজ করবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তর মিলনায়তনে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুটপাত সমস্যার সমাধান, যানজট দূরীকরণ, অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, অসামাজিক কার্যকলাপ, সন্ধ্যার পর আড্ডা, তীর জুয়া, চুরি ও ছিনতাই বন্ধ করা, প্রবাসীদের জায়গা ও বাসা দখল মুক্তকরণ এবং মাদক স্পট ও মাদকসেবীদের আস্তানায় অভিযান পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করেন।
পুলিশ কমিশনার দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, সিলেট একটি পুণ্যভূমি। এখানে অনাচার চলতে পারে না।
পুলিশ কমিশনার এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি রয়েছে উল্লেখ করে প্রশংসা করেন এবং সকল প্রকার সমস্যা সমাধানের জন্য সকলের সহযোগিতা চান।
তিনি আরও জানান, মহানগরীতে পুলিশের সেবা সহজ করতে নতুন অ্যাপ (GenieA.app) আগামী ১ অক্টোবর থেকে চালু করা হচ্ছে, যার মাধ্যমে নাগরিকরা দ্রুত পুলিশি সেবা পাবেন।
তিনি জানান, গত ২ দিনে সিলেট মেট্রোপলিনট পুলিশের অভিযানে ৭৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, অপরাধ শূন্যতে না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে।