সিলেট মহানগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক ও সিলেট জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসক মো সারোয়ার আলম ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
অভিযানকালে নগরবাসীর চলাচলের স্বার্থে ঐতিহ্যবাহী ক্বিনবিজ থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয় দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের সামনের অবৈধ স্থাপনাসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত জুড়ে থাকা অবৈধ সকল স্থাপনা। এছাড়া মহানগরীর সকল সড়ক ও ফুটপাত থেকে অবিলম্ব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। অন্যথায় নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানানো হয়।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো আলী আকবর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনসহ সিসিক ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি