রনধীর দত্ত রানুর ‘সমকালের কথামালা’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত September 14, 2025
রনধীর দত্ত রানুর ‘সমকালের কথামালা’ বইয়ের মোড়ক উন্মোচন

লেখক, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক নন্দলাল শর্মা বলেছেন, ‘সামাজিক অবক্ষয় রোধ এবং মানবিক সমাজ গঠনে শিক্ষাবিদ ও লেখক রনধীর দত্ত রানু আমৃত্যু কাজ করে গেছেন। তিনি সর্বদা দেশ ও জাতির কথা চিন্তা করেছেন।’
তিনি আরও বলেছেন, রনধীর দত্ত রানু আজীবন মহান শিক্ষকতা পেশায় নিরলসভাবে সততার সঙ্গে কাজ করেছেন নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে। তিনি নতুন মানবিক সুশৃঙ্খল সমাজ গঠনে বিশ্লেষণধর্মী লেখা নিয়মিত লিখতেন। তার লেখায় মানুষের জীবনের বাস্তব চিত্র ফুটে উঠতো। তিনি সবসময় সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি হোটেল মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সমাজচিন্তক রনধীর দত্ত রানুর ‘সমকালের কথামালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক নন্দলাল শর্মা বলেন, শিক্ষাবিদ ও লেখক রনধীর দত্ত রানু আলোকিত সমাজ গড়ার শক্তি ও প্রেরণা। সুশিক্ষার প্রসারে ও নতুন সমাজ নির্মাণে তার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে।
হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, শিক্ষক ও লেখক হিমাংশু রায় হিমেলের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন, গল্পকার জামান মাহবুব, সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল, ভাস্কর সম্পাদক কবি পুলিন রায় ও সমাজসেবক ড ননীগোপাল দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগবাড়ি এলাকার প্রবীণ সমাজসেবী নবীন কুমার ভট্টাচার্য্য, তরুণ সংগঠক শ্যামল কপালী ও লেখিকা অমিতা বর্দ্ধন।
অনুষ্ঠানের শুরুতে লেখক স্মরণে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন শ্রী চৈতন্য গবেষণা কেন্দ্র, সিলেটের সম্মানিত সদস্য প্রকৌশলী রতন লাল সাহা। অনুভূতি প্রকাশ করেন লেখক রনধীর দত্ত রানুর কন্যা তমালিকা দত্ত রূম্পা, লাভলী পুরকায়স্থ এবং এখন টিভির সাংবাদিক ও সংগঠক সন্দীপন শুভ। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা উদযাপন পরিষদের সদস্য সচিব ফারুক হাসান সুজন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাহিত্য অনুরাগী সন্তোষ রঞ্জন পাল।
সবশেষে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতীক এন্দর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লাভলী পুরকায়স্থ, রুনা তালুকদার, জয়শ্রী মোহন তালুকদার এবং শিশুশিল্পী নিধি দাস ও দিব্য তালুকদার।
প্রকাশনা উদযাপন অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন প্রকাশনা উদযাপন পরিষদের আহবায়ক মিহির মোহন, বারিন্দ্র দাশ, সাধন শর্মা, অভিনয় সরকার ও হেলাল আহমদ।
‘সমকালের কথামালা’ গ্রন্থটির সংকলন ও সম্পাদনা করেছেন কবি, সাহিত্যিক ও শিক্ষক হিমাংশু রায় হিমেল। ধ্রুব এষের প্রচ্ছদে ঘাস প্রকাশন থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি