আনসার-ভিডিপির ৩৫ ওমরাহ্ যাত্রীকে বিশেষ উপহার প্রদান

প্রকাশিত September 12, 2025
আনসার-ভিডিপির ৩৫ ওমরাহ্ যাত্রীকে বিশেষ উপহার প্রদান

পবিত্র ওমরাহ পালনের জন্যে মনোনীত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপির ৩৫ সদস্যকে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওমরাহ সামগ্রী বিতরণ করেন ও নানা দিক নির্দেশন দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ ও উপ মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
মহাপরিচালক বলেন, সাম্য ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। সকল প্রকার বৈষম্য দূর করে বাহিনীর সকল সদস্যের মাঝে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমাদের প্রত্যেককে ইসলামের মৌলিক শিক্ষায় আলোকিত হয়ে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।’–তথ্য বিবরণী