পার্বতীপুর থেকে সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর–রংপুর সড়কের তাজ অটো রাইস মিলের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি কাভার্ডভ্যানের সাথে পার্বতীপুরমুখী ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলের (দিনাজপুর হ-১৮-৯৩১৩) মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য দুই আরোহী আহত হন।
নিহত মাসুদ রানা দিনাজপুরের বিশ্বনাথপুর উপজেলার চিরিরবন্দর গ্রামের ফেরদৌস আলীর ছেলে।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।