চাকরির পেছনে না ছুটে নতুন কর্মসংস্থান সৃষ্টি করো : সিকৃবি উপাচার্য

প্রকাশিত September 11, 2025
চাকরির পেছনে না ছুটে নতুন কর্মসংস্থান সৃষ্টি করো : সিকৃবি উপাচার্য

বিশেষ প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তবে খাদ্যের প্রাচুর্য শুধু নয়-নিরাপদ খাদ্যের নিশ্চয়তাও প্রদান করতে হবে। আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে হলে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেছেন, বিশ্ব এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি কৃষি খাতে এক নতুন বিপ্লবের সূচনা করেছে। দিনের পর দিন খাদ্য উৎপাদনে ঘটছে বিপ্লব। এ বিপ্লবের ধারাকে আরও ত্বরান্বিত করতে তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে।
সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-বিএআরসির উদ্যোগে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর/২৭ ভাদ্র) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সেমিনারের আয়য়োজন করা হয়।
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘চাকরির পেছনে ছোটা নয় বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করো। তোমাদের উদ্ভাবনী শক্তি, জ্ঞান, পরিশ্রম ও স্বপ্নই বাংলাদেশকে একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে পারে।
উপাচার্য বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। এখানে তরুণরাই সবচেয়ে বড় শক্তি; কিন্তু দুঃখজনকভাবে আমাদের তরুণ সমাজ শুধুমাত্র চাকরির জন্য ছুটছে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। কেবল চাকরি করার প্রবণতা নয়-চাকরি দেওয়ার প্রবণতা বাড়াতে হবে। কারণ চাকরি মানুষকে জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়; কিন্তু উদ্যোক্তা হওয়া মানুষকে সম্মান এনে দেয়-আত্মনির্ভরশীল করে তোলে।’
বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড নাজমুন নাহার করিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী, কৃষি মন্ত্রনালয়ের যুগ্মসচিব ড মো লুৎফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন বিএআরসির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সদস্য পরিচালক, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচি আয়োজক কমিটির আহবায়ক ড মো মোশাররফ উদ্দিন মোল্লা। ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরসির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মো আব্দুস সালাম। এছাড়াও তরুণ কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তরুণদের উৎসাহিত করতে সারাদেশ থেকে কৃষির বিভিন্ন ক্ষেত্রে সফল ৮ জন উদ্যোক্তা তাদের সফলতার গল্প উপস্থাপন করেন।
সেমিনারে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে গমের ১১ গুণ, তৈলবীজের ৬.৭ গুণ, ধানের ৩.৬ গুণ, আলুর ১২.৩ গুণ, ডালের ১.৬ গুণ, সবজির ৬.৮২ গুণ ও ভূট্টার ৪০০০ গুণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
সেমিনারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী, তরুণ কৃষি উদ্যোক্তা ও উদ্ভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি মন্ত্রণালয় ও বিএআরসির কর্মকর্তা, বিজ্ঞানী, বিভিন্ন এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন।