হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও সিএপিএসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশিত September 11, 2025
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও সিএপিএসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-হকৃবি ও সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর জুম প্লাটফরমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের উপস্থিতিতে হকৃবির পক্ষে ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো বদরুল আমিন ও সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড আহমেদ কামরুজ্জামান মজুমদার চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর (লিগ্যাল) রাশেদুজ্জামান মজুমদার ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো শাকির আহম্মেদসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজ (সিএপিএস) একটি সরকারি নিবন্ধিত স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বায়ু, শব্দ, পানি, বর্জ্য দূষণ, জলবায়ু পরিবর্তন ও মানবস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিবেশগত বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বায়ুর মান পর্যবেক্ষণ ও বায়ুমণ্ডলীয় দূষণ গবেষণায় নিবেদিত সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তোলা। এজন্য বিজ্ঞান, নীতি ও সমাজের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে।
এই সমঝোতা চুক্তির মূল উদ্দেশ্য হলো বায়ু, পানি, শব্দ দূষণ, পরিবেশগত টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা, থিসিস, প্রজেক্ট ও ইন্টার্নশিপ পরিচালনা করা, সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের সহায়তায় ও তত্ত্বাবধানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লিন এয়ার ক্লাব প্রতিষ্ঠা, গবেষণা ও একাডেমিক উদ্দেশ্যে ক্যাম্পাসে বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন, হাওর অঞ্চল, শিল্পাঞ্চল, পরিবেশ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ে যৌথ গবেষণা ও প্রচারণা কার্যক্রম গড়ে তোলা, প্রাকৃতিক ও সম্প্রদায়ভিত্তিক সমাধান প্রচার, যৌথ প্রকল্পের জন্য প্রযুক্তিগত দক্ষতা, সম্পদ ও অর্থায়ন সংগ্রহ।
এই চুক্তির আওতায় শিক্ষার্থী ও গবেষকদের জন্য যৌথ কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ ও গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে ৫ বছর পর্যন্ত কার্যকর থাকে ও উভয় পক্ষ লিখিত সম্মতিতে নবায়ন করতে পারে এবং তিন মাসের নোটিশে যে কোনো পক্ষ সমাপ্ত করতে পারে।–সংবাদ বিজ্ঞপ্তি