বিশেষ প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হচ্ছে।
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা হ্রাস, নানামুখী প্রতিবন্ধকতা অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখা, যাত্রী সাধারণ, পথচারী ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি সরকারি সম্পত্তি জবরদখল মুক্ত রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্পের নির্মাণকাজ পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সুপারিনটেনডেন্ট অব পুলিশ-এসপি মো রেজাউল করিম। তাকে স্বাগত জানান, জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি জানান, জেলা ও উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ মিলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয়পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে; কিন্তু সংশ্লিষ্টরা উচ্ছেদ করে চলে যাওয়ার পর পরই আইন অমান্যকারীরা আবারও সরকারি সম্পত্তি জবরদখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করতে শুরু করে। আইন না মানার এই প্রবণতা রোধ করতে এবং হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক নজরদারী রাখতে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি প্রতিটি বাজার পরিচালনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক ও কমিউনিটি পুলিশসহ সকলের সহযোগিতা কামনা করেন।
জাউয়াবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক শোয়েব আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যরা হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।