সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে বারবার ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েও জনগণ নিজের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে। আজও দেশের মানুষ প্রতীক্ষায় আছে এমন এক নেতার জন্য, যিনি বাংলাদেশকে উন্নত, আত্মনির্ভর ও সম্মানিত রাষ্ট্রে রূপান্তরিত করতে পারবেন। সেই নেতা হলেন তারেক রহমান—যিনি জনপ্রিয়, দেশপ্রেমিক এবং আধুনিক রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এবং শারীরিক ক্ষতির প্রচেষ্টা চালানো হলেও তিনি দেশের জন্য স্বপ্ন দেখা থেকে বিরত হননি। তার নেতৃত্ব, ত্যাগ ও দূরদর্শী চিন্তার কারণেই দেশের ১৮ কোটি মানুষ তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে, যাতে বাংলাদেশ এক নবআলোকিত অভিযাত্রায় এগিয়ে যেতে পারে।’
বুধবার (১০ সেপ্টেম্বর/২৬ ভাদ্র) বিকেল ৫টায় মোগলাবাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপি সেই পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষার জন্য বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই কর্মসূচিই জাতিকে একটি সুশাসিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্রের পথে এগিয়ে নেবে।
সমাবেশে মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, নূরুল আমিন দুলু, আবুল হাসনাত, জামাল মেম্বার, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া ও আরিফ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন।–সংবাদ বিজ্ঞপ্তি