জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলার কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সাইফুর রহমান জমির সভাপতি ও সাইফুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সাইফুর রহমান জমির পান ১৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান পেয়েছেন ৮৫ ভোট। অপরদিকে সাংবাদিক সাইফুল ইসলাম সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহসভাপতি আব্দুর রব, কোষাধ্যক্ষ ডা ফারুক আহমদ, সদস্য ইলিয়াছুর রহমান ময়না, এম এ রউফ, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমরুন নাহার সুমি, আছিয়া বেগম, খোরশিদা বেগম ও শিউলি আক্তার।
ভোট গ্রহণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জেলা সমবায় অফিসার মুশাহিদুর রেজা চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল আজিম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহসভাপতি ইমরানুল ইসলাম প্রমুখ।