মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুরে আনসার ব্যাটালিয়ন ২৪ বিএন-এর মাসিক দরবার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
দরবার হলে আয়োজিত দরবারে ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক মো এনামুল খান বিভিএমএস প্রধান অতিথি হিসেবে ব্যাটালিয়নের সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
দরবারে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো জাহিদ হোসেন আগস্ট মাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মো এনামুল খান বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নয়ন কোনো একক ব্যক্তির প্রচেষ্টায় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা। তাই ব্যাটালিয়নের উন্নয়নের জন্য সকল সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমাল সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দায়িত্ব পালন আমাদের সকলকে আরও বেশি পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে করতে হবে।”
অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মো রাফিউল ইসলাম কাঞ্চন পরিচালকের নিকট থেকে দরবার প্যারেড সমাপ্ত করার অনুমতি নেন।–সংবাদ বিজ্ঞপ্তি