নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মবাড়িয়ার বিজয়নগরে একটি হত্যামামলার প্রধান আসামিকে গ্রেফতার এবং হবিগঞ্জের মাধবপুরে ইসকফ সিরাপ ও গাঁজা আটক করেছে।
র্যাব-৯ মামলার বিবরণ উল্লেখ করে জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১৩ ফেব্রুয়ারি বিজয়নগর উপজেলার আতকাপাড়া গ্রামে কিশোর ময়না মিয়ার (১২) বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সাথে এলাকার লোকজনের প্রথমে তর্ক-বিতর্ক ও পরে মারামারি হয়।
এর জের ধরে আানুমানিক সন্ধ্যা সোয়া ৭টার দিকে ময়না মিয়া মনিপুর বন্দর বাজার যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ময়না মিয়ার মা বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদেরকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (২ সেপ্টেম্বর/১৮ ভাদ্র) আনুমানিক রাত ২টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট (নয়নপুর) এলাকায় অভিযান পরিচালনা করে হত্যামামলার ১ নম্বর পলাতক আসামি হোসেন মিয়াকে (৪৫, পিতা মৃত রহমত আলী, আতকাপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করতে সক্ষম হয়।
একইদিন র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ছায়েম রোডে ১৫৩ বোতল ইসকফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ মো আলমগীর মিয়া (২৭, পিতা মৃত হিরন মিয়া, চাপরতলা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) নামে একজনকে গ্রেফতার করে। তবে এ সময় অপর দু’জন আসামি পালিয়ে যায়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।