একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু গণতন্ত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই দেশে গণতন্ত্র ফেরাতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। আগামী বছরের অপেক্ষা করলে হবে না। দেশে স্বস্তি নেই, শান্তি নেই। এসব ফেরাতে পারে একটি নির্বাচিত সরকার।
তিনি আরও বলেছেন, শুক্রবার ঢাকায় প্রশাসনিক বিভিন্ন বাহিনী একটি দলের সভাপতিকে যেভাবে বেধড়ক পিটিয়েছে তা একটি গণতান্ত্রিক দেশে খুবই অস্বাভাবিক ও দুঃখজনক। দ্রুত নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে এমন ঘটনা অহরহ ঘটতেই থাকবে, দেশ স্থিতীশীল হবে না।
শনিবার (৩০ আগস্ট/১৫ ভাদ্র) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ একটি স্বস্তিদায়ক ও স্বনির্ভর অবস্থানে পৌঁছবে। তাই এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এর জন্য দলের নেতাকর্মীদের ঐকব্যদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অবিরাম কাজ করতে হবে।
লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর উদ্দিনের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া ও সিলেট মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ অজি মোহাম্মদ কাউছার।