সিলেটের ৩ উপজেলায় ১২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

প্রকাশিত August 30, 2025
সিলেটের ৩ উপজেলায় ১২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের ৩ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ আগস্ট/১৫ ভাদ্র) ১৯ বিজিবির কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল বড়বন্দ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট জাতীয় ঔষধ আটক করে। আটককৃত ঔষধের সিজার মূল্য ৫ লাখ ২ হাজার টাকা।
এছাড়াও জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ কেজি এলাচ, ৮৪ হাজার পিস পাতার বিড়ি, ৭০২ কেজি চা-পাতা, ২৭০ কেজি ফুলের ঝাড়ু ও ৫০০ সুপারি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সিজারমূল্য ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা।
এসব অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১১ লাখ ৯৬ হাজার ৩০০ টাকা বলে ১৯ বিজিবি থেকে জানানো হয়েছে।