নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট/১৩ ভাদ্র) রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহল দল ময়নাবস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮ লাখ মূল্যের ভারতীয় ১০টি গরু আটক করে।
এছাড়া রাত ৩টায় একই উপজেলার জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল চাংঘিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ ভারতীয় সুপারী আটক করে। আটককৃত সুপারির মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।
এর আগে বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপির একটি আভিযানিক টহল দল বাগছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২ হাজার ২৫০ কেজি কয়লা আটক করে।
এসব অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৮ লাখ ৮৫ হাজার টাকা বলে ১৯ বিজিবি জানিয়েছে।