দক্ষিণ সুরমায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ

প্রকাশিত August 28, 2025
দক্ষিণ সুরমায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট/১৩ ভাদ্র) বিকেলে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় ছোট লুলা বিলে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যসম্পদ কর্মকর্তার প্রতিনিধি কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো আব্দুস শাকুর, দক্ষিণ সুরমা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো সানোয়ার আলী, মাছের পোনা সরবরাহকারী মো সাইফ উদ্দিন আল ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কার্যসহকারী মো দুলাল মিয়া ও মৎস্যসম্পদের স্থানীয় সুফলভোগীদের পক্ষে ইসলাম উদ্দিন।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক জলাশয় হিসেবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুরে ও মোগলাবাজার রেবতি রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুকুরে এবং উন্মুক্ত জলাশয় হিসেবে ছোট লুলা বিলে ২ লাখ টাকা মূল্যের ৪৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।