দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় উপজেলার প্রতিটি ইউনিয়নে চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, তরুণ ও যুবকদের যথাযথ বিকাশের প্রয়োজনে মাদকদ্রব্য বিক্রি ও সেবন এবং তীর-জুয়াসহ সকল রকমের জুয়া খেলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও উদ্যোগে নিতে হবে।
বুধবার (২৭ আগস্ট/১২ ভাদ্র) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেগন, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মামুন খান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তোবারক হোসেন, দক্ষিণ সুরমা থানা ওসির প্রতিনিধি এসআই অমিত সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস অফিসের পক্ষে ওয়ারহাউজ ইন্সপেক্টর টিটন সিকদার, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ প্রতিনিধি পলাশ মালাকার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো আব্দুল আজিজ ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো সানোয়ার আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় বক্তারা কিনব্রিজ থেকে চণ্ডিপুল পর্যন্ত সড়কের প্রতিটি ফুটপাত দখলমুক্ত রাখার আহবান জানিয়ে বলেন, বিশেষ করে অপরিসর স্টেশন রোডের যানজট দূরীকরণে ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ভাসমান হকারদের কবল থেকে মুক্ত রাখতে হবে।
বক্তারা বলেন, কিনব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহানগরীর দু’প্রান্তে যাতায়াতে এখন কাজিরবাজার সেতু ব্যবহার করা হয়ে থাকে; কিন্তু কাঠ ব্যবসায়ীরা অবৈধভাবে রাজপথের উপর স্তুপাকারে মালামাল রেখে দেয়ায় রেলগেইট থেকে রেলস্টেশন হয়ে কদমতলি বাসটার্মিনাল পর্যন্ত যাতায়াতে যাত্রী সাধারণকে দূর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বক্তারা বেওয়ারিশ কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিকারে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।