সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর হবে না : ভূমি উপদেষ্টা

প্রকাশিত August 26, 2025
সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর হবে না : ভূমি উপদেষ্টা

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার নিশ্চিত করেছেন, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না।
মঙ্গলবার (২৬ আগস্ট/১১ ভাদ্র) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার কাছে দাবি জানালে তিনি এ আশ্বাস দেন।
সম্প্রতি সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার নির্দেশনায় সিলেটজুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ বিভিন্ন মৌজার কাজ অসমাপ্ত থাকা অবস্থায় প্রেস ঢাকায় স্থানান্তর করা হলে সিলেটবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হতেন।
জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি ভূমি উপদেষ্টার কাছে প্রেসটি সিলেট থেকে না সরানোর অনুরোধ জানান।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা সিলেটবাসীকে নিশ্চয়তা দেন যে, প্রেসটি ঢাকায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।
সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে ভূমি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।–সংবাদ বিজ্ঞপ্তি