জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার, ৯ অক্টোবর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর ও মেঘারকান্দি গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানকালে তাদের নিকট থেকে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও একটি গাঁজার গাছসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মো আতাউল্লাহ (৬০) রেনু বেগম (৪৫) ও মেঘারকান্দি গ্রামের শচীন্দ্র চন্দ্র দাস (৭০)।
বাংলাদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে আরো ছিলেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো মঈন ও পুলিশের এস আই মো ইসমাইল মিয়া।
পরে আটককৃতদের জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়।