নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল বুধবার, ৯ অক্টোবর রানীরঘাট নামক স্থান দিয়ে চার জন বাংলাদেশী নাগরিককে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক করেছে।
তারা ৬ মাস পূর্বে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল বলে স্বীকার করেছে। তাদের মধ্যে তিন জন চট্টগ্রামের ও একজন পটুয়াখালীর অধিবাসী)
আটককৃতরা হলো, মো জহির উদ্দীন (২৯ পিতা মো এরশাদ হোসেন, ভাইয়ারপাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম), আফরোজা সুলতানা (২২, স্বামী মো জহির উদ্দীন, ভাইয়ারপাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম), মো রাকিবুল ইসলাম (১৮, মো আবুল কাসেম, নোয়ারভিলা, লোহাগাড়া, চট্টগ্রাম) ও মোহাম্মদ মিরাজ (২৭, পিতা মো দাদন সিকদার, বাহেরচর, রাঙ্গাবালী, পটুয়াখালী)
এছাড়াও বুধবার ও বৃহস্পতিবার, ১০ অক্টোবর (২৫ আশ্বনি) সিলেট ব্যাটালিয়নের টহল দল সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস, টি-শার্ট, গরু, চিনি, বিড়ি, মদ, মোটরসাইকেল, ট্রাক ও বাংলাদেশী রসুন-সহ অন্যান্য মালামাল আটক করে।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সূত্র তথ্য বিবরণী