বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে তিন প্রবাসীর বৃদ্ধ পিতামাতাকে ঘরে ঢুকে মারপিট, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর (২৯ ভাদ্র) সকাল ১১টায় লালপুর গ্রামবাসীর উদ্যোগে লালপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মো আবেদীন মিয়া, শামীম মিয়া, ফরিদ মিয়া, লাল মিয়া, রুহুল মিয়া, হাবু মিয়া ও রিপন মিয়া।
তারা বলেন, ২০২২ সালে একটি সন্ত্রাসী চক্র আওয়ামী লীগের পরিচয় দিয়ে লালপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল হামিদ, আব্দুল হেকিম ও আবুল বাশারের বাড়ির নিজস্ব কাঁচা রাস্তা ভাঙ্গার প্রতিবাদ করায় তাদের বৃদ্ধ পিতা জজ মিয়া ও মাতা জহুরা খাতুনকে মারধোর করে। এ সময় তাদের বোন জায়েদা খাতুনও আহত হন। সন্ত্রাসীরা তাদেরকে প্রাণনাশের হুমকিও দেয়। এ ঘটনায় জায়েদা খাতুন বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপরও হুমকি চলতে থাকে। তাই জায়েদা খাতুন তাদের জানমালের নিরাপত্তা চেয়ে গত ৯ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি জিডি করেন।