পত্রিকা ও টেলিভিশন অফিসে হামলাকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত August 24, 2024
পত্রিকা ও টেলিভিশন অফিসে হামলাকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও ডেইলি সান সহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন অফিসে হামলা, ভাংচুর ও সংবাদকর্মী হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৪ আগস্ট (৯ ভাদ্র) সকাল ১১টায় সুনামগঞ্জের সাংবাদিক ও পেশাজীবী সমাজের উদ্যোগে শহরের উকিলপাড়ায় প্রেসক্লারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জ্যেষ্ঠ সাংবাদিক মো শাহাব উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র ও দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের শীর্ষস্থানীয় মিডিয়াগুলোর অফিসে দুর্বৃত্তরা তাণ্ডব ও সংবাদকর্মীদের উপর হামলা চালায়। হত্যাও করে।
তারা অবিলম্বে এসব দুর্বৃত্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।