জামালগঞ্জে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা || গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত August 14, 2024
জামালগঞ্জে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা || গ্রেফতার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের মো আলীনূরের ছেলে ফয়সল আহমদকে বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে ৫ লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার, ১৩ আগস্ট সকাল ১১টায় প্রতারণার শিকার পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, মো আলীনূর, মো চাঁন মিয়া, তৈয়বুর রহমান, গুলেনুর মিয়া, সুরুজ আলী, শাহ আলম, আছব্বির, কামরুল ইসলাম, আব্দুল কাইয়ুম ও আবুল বাসার।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার ভীমখালি ইউনিয়নের ছেলাইয়া মাহমুদপুর গ্রামের মিরাশ আলীর ছেলে নিজাম নূর ও তার ভাই মিজান নূর প্রায় দেড়বছর পূর্বে ফয়সল আহমদকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নেয়; কিন্তু না পাঠিয়ে কালক্ষেপণ করতে থাকে।
এ ব্যাপারে মো আলীনূর বাদি হয়ে গত ২১ জুন নিজাম নূর ও তার পিতা মিরাশ আলীকে অভিযুক্ত করে জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
মানববন্ধন থেকে অভিযুক্তদেরকে অবিলম্বে গ্রেফতার ও টাকাগুলো উদ্ধারের জন্যে প্রশাসনের নিকট দাবি জানানো হয়।