জুড়ীতে দুদিনব্যাপী মণিপুরী ফেস্টিভেল ও ইন্দো-বাংলা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত May 15, 2024
জুড়ীতে দুদিনব্যাপী মণিপুরী ফেস্টিভেল ও ইন্দো-বাংলা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : বাংলাদেশ ও ভারতের মণিপুরী সম্প্রদায়ের সাংস্কৃতিক ভাব বিনিময়ের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছোট ধামাই এলাকায় দুই দিনব্যাপী মণিপুরী ফেস্টিভেল-২০২৪ ও ইন্দো-বাংলা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হলো।
‘নিজের কৃষ্টি ও সংস্কৃতিকে ভালোবাসুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১১ মে সন্ধ্যায় শ্রীশ্রী জগন্নাথ মহাপ্রভু মণ্ডপে ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশন আয়োজিত এ অনুষ্ঠানে ভারতের মণিপুর রাজ্যের ৩৮ সদস্যের একটি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।
প্রথম দিনের অনুষ্ঠান ছিল দুটি পর্বে বিভক্ত। প্রথমপর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের ইউনাইটেড কমিটি মণিপুরের প্রেসিডেন্ট জয়চন্দ্র কোন্থৌজম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশন এডভাইজারি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এস সি সিনহা। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশনের সভাপতি অহৈবম রনজিৎ ও সাধারণ সম্পাদক ভাগ্য সিংহ।
দ্বিতীয়পর্বে ছিল গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত নৃত্যশিল্পী ও শিক্ষক তামান্না রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের ইউনাইটেড কমিটি মণিপুরের প্রেসিডেন্ট জয়চন্দ্র কোন্থৌজম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশনের সভাপতি অহৈবম রনজিৎ। সঞ্চালনায় ছিলেন গায়ত্রী সিনহা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো চারজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত গুণিজনরা হলেন মণিপুরী মৃদঙ্গ শিল্পী কোনধ্রংজম নগেন্দ্র সিংহ, জুড়ী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ।
এরপর ভারতের মণিপুর রাজ্যের শিল্পীদের পরিবেশনায় লোকগীতি, লোকনৃত্য ও মণিপুরী থাংতা প্রদর্শন করা হয়।
উৎসবের ২য় দিনের আয়োজন ছিল শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মণ্ডপ মিলনায়তনে ভারতের মণিপুর রাজ্যের মণিপুরীদের তাঁতজাত পণ্যের প্রদর্শনী এবং মণিপুরী সামগ্রী বিক্রি।
এবারের আয়োজন মনিপুরী ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অধিকতর বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধনের উন্নয়ন চিন্তার মিলনমেলায় পরিণত হয়।