নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ঘোষণা দিয়ে একজনকে হত্যা করে খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার, ৩০ এপ্রিল (১৭ বৈশাখ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে হত্যামামলার বাদি উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামের মো শামিম আহমদ এ অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, অন্যান্য আসামি গ্রেফতার না হওয়ায় তাদের হুমকিতে তিনি, তার পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিম আহমদ বলেন, গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন রাত পৌণে ৮টার দিকে সংঘবদ্ধ একটি সন্ত্রাসীচক্র গ্রামের পাকা সড়কের উপরে প্রকাশ্যে তার ছোট ভাই রাজধানী ঢাকার ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ী শাহীন আহমদকে (২৫) হত্যা করে। এ ব্যাপারে তিনি মামলা দায়ের করলে গত ২০ দিনে মাত্র দুই আসামি গ্রেফতার হয়; কিন্তু অন্য আসামিদের সন্ধান দেওয়ার পরও তাদেরকে গ্রেফতারে পুলিশ গড়িমসি করছে।
তিনি বলেন, তিনি ও তার ভাই ঢাকায় ব্যবসা করতেন। তাদের গ্রামের আরও দুই সহোদর শাহেদ আহমদ ও আনোয়ার হোসেনও ঢাকায় ব্যবসা করেন। এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে শাহেদ আহমদ ও আনোয়ার হোসেন তাদেরকে হুমকি দিয়ে আসছিলেন। এ ব্যাপারে তারা ঢাকার বংশাল ও সিলেটের কোম্পানীগঞ্জ থানায় একাধিক জিডি করেন।
শামিম আহমদ জানান, ঈদুল ফিতরের সময় তারা বাড়িতে এলে এলাকার ইউপি মেম্বার নেছার আহমদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন। এতে মীমাংসার উদ্যোগ গ্রহণ করলে শামিম আহমদ ও শাহীন আহমদ তাদের চাচা আমির আলীসহ পার্শ্ববর্তী সুনামগঞ্জের ছাতক উপজেলার মুক্তিরগাঁও গ্রামে তাদের বোনের বাড়ি যেতে নিজেদের বাড়ি থেকে বের হলে শাহেদ আহমদ, আনোয়ার হোসেন ও অন্যান্য আসামি তাদের উপর হামলা চালায়। এতে শাহীন আহমদ প্রাণ হারান।
তিনি আরও জানান, এ পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা পুলিশ এক আসামিকে আর র্যাব আরেক আসামিকে গ্রেফতার করেছে; কিন্তু শাহেদ আহমদ ও আনোয়ার হোসেন সহ অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের অবস্থান জানানোর পরও পুলিশ রহস্যজনক কারণে তাদেরকে গ্রেফতার করতে কোনো তৎপরতা চালাচ্ছে না।
সংবাদ সম্মেলনে হত্যাকারীর সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শামিম আহমদের চাচা আমির আলী, ছোটবোন শামিমা আক্তার, ছোট বোনের স্বামী শাহিন মিয়া ও আত্মীয় রিপন আহমদ।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এসআই মো মনজুর রহমান জানান, মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারেও পুলিশের তৎপরতা চালাচ্ছে।