সর্বজনীন পেনশন স্কিম নিয়ে জেলা তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময়

প্রকাশিত April 25, 2024
সর্বজনীন পেনশন স্কিম নিয়ে জেলা তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময়

সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল হল রুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএর আওতায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৪ এপ্রিল দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো আল-জুনায়েদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারি সংস্থা আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো আল-জুনায়েদ বলেন, জনগণের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। বিশেষ করে বৃদ্ধ বয়সে যাদের পাশে দাঁড়ানোর মতো কোন লোকবল থাকেনা তাদের জীবন-জীবিকার অন্যতম একটি অনুসঙ্গ হতে পারে এই কর্মসূচি।
সকলকে এখনই সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে তিনি আহবান জানান।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনসহ সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন বলেন, বয়স্ক পুরুষ ও মহিলাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়া জরুরি। সরকার এই সুযোগ করে দিয়েছে সর্বস্তরের বয়স্ক মানুষের সুরক্ষা বিবেচনায়। তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিক ও এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। পিআইডি সিলেট