বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২০ এপ্রিল সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো নিজামুল হক নাসিম। জেলা প্রশাসক মো রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র সরকার। এছাড়াও বক্তব্য রাখেন,সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো নিজামুল হক নাসিম বলেন, যেভাবে বাংলাদেশে উইঁপোকার মতো সাংবাদিকের সংখ্যা বেড়েছে তাতে সমাজের ও মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণ হচ্ছে।
তিনি বলেন, সমাজে সাংবাদিক পরিচয়ে গলায় কার্ড ঝুলিয়ে যারা চাঁদাবাজি করছে তারাই মূলত হলুদ সাংবাদিক। এমন অপকর্মে সাংবাদিকতার মান নিয়ে যথারীতি প্রশ্ন দেখা দিয়েছে। এই পেশায় শিক্ষিত,মার্জিত ও ভদ্র মানুষদের আসা প্রয়োজন।
বিচারপতি মো নিজামুল হক নাসিম নীতিমালা অনুসরণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহবান জানান।