সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চুরি হওয়া গরু ও মহিষের মাংশ উদ্ধার করে পুলিশ এতিমখানায় দান করেছে।
এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শুক্রবার, ৫ এপ্রিল দুপুর সাড়ে ১২ সময় কোম্পানীগঞ্জ থানার এসআই মাসুদ আহমেদ ও এসআই আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার টুকেরবাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় চুরি হওয়া গরুর ২৩ কেজি ও মহিষের ১৬ কেজি মাংস ও চামড়া উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ৩ জনকে। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ আলী (৪৩, পিতা মৃত ইমান আলী, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা টুকেরবাজার, কোম্পানীগঞ্জ, সিলেট), সঞ্জিত (২৫, পিতা মৃত শুকলাল, টুকেরবাজার, কোম্পানীগঞ্জ, সিলেট) ও মো ইউনুস মিয়া (৩০, পিতা নাকা মিয়া, আমতলী, নবীনগর, ব্রাক্ষণবাড়িয়া, বর্তমান ঠিকানা টুকেরবাজার, কোম্পানীগঞ্জ, সিলেট)।
এ ঘটনায় ৭ জনকে এজাহারনামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত মাংস উপজেলার ৩টি এতিমখানা ও মাদরাসায় দান করা হয়।