শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ সকালে শাল্লা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল এবং বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা গণমিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রানী দাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার, শাল্লা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠগুলো যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের উপজেলা সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে আলোচনা, ইফতার মাহফিল ও কেক কাটা হয়।