নবীগঞ্জ প্রতিনিধি : ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার, ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিভিন্ন রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ীরা যাতে সচেতন হন-এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার ,উপজেলা কৃষি কর্মকর্তা মো ফজলুল হক মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদার, উপজেলা মহিলা লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, স্বপন রবি দাস প্রমূখ।
পরে নবীগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সরকারি আর্থিক বৃত্তি প্রদান করা হয়।