বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল কোলকাতায় বিশ্ব কবিমঞ্চ সম্মাননা পেলেন।
সম্প্রতি কোলকাতার কলাভত সভাকক্ষে বিশ্ব কবিমঞ্চ কোলকাতা শাখার উদ্যোগে একটি কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
‘সুর এসে মিশে’ এই প্রতিবাদ্যকে ধারণ করে আয়োজিত কবিতা সন্ধ্যায় এপার বাংলা ও ওপার বাংলার কবিদের আবৃত্তি আর কন্ঠশিল্পীদের সুরের মুর্চ্ছনায় আয়োজনটি প্রাণময় হয়ে উঠে।
কোলকাতার বিশিষ্ট কবি ও বিশ্ব কবিমঞ্চ, কোলকাতা শাখার আহবায়ক মহুয়া দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল ছাড়াও সংগঠনটির আহবায়ক বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধর, পশ্চিম বঙ্গের শক্তিশালী কবি ও প্রাবন্ধিক কবি সৈয়দ হাসমত জালাল, কবি চৈতালী চট্টোপাধ্যায়, গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, কবি প্রবীর রায় চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক অভয়া প্রসাদ দাস ও শিক্ষাবিদ অনিতা ঘোষকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা স্মারক গ্রহণ করে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বিশ্ব কবিমঞ্চ, কোলকাতা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি দুই বাংলার বাঙালির মধ্যে পারস্পরিক বুঝাপরা ও যোগাযোগ ঘনিষ্ঠতর করার গুরুত্ব তুলে ধরে এমনি অনুষ্ঠান আরও বেশি বেশি আয়োজনের উপর জোর দেন।
অনুষ্ঠানে কবি মহুয়া দাসের কাব্যগ্রন্থ ‘ইভনিং ডুয়েট’র মোড়ক উন্মোচন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি